গবেষণায় দেখা গেছে: ডায়াবেটিসের বহুল ব্যবহৃত ওষুধ ব্যায়ামের উপকারিতা কমাতে পারে
নতুন এক গবেষণায় বলা হয়েছে, ডায়াবেটিসের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধগুলোর একটি মেটফরমিন ব্যায়াম থেকে সাধারণত যে স্বাস্থ্যগত উপকার পাওয়া যায়, তার কিছু অংশে বাধা সৃষ্টি করতে পারে।
উচ্চ রক্তশর্করা নিয়ন্ত্রণে মেটফরমিনকে প্রথম সারির ওষুধ হিসেবে ধরা হয়। শুধু ২০২৩ সালেই যুক্তরাষ্ট্রে প্রায় ৮ কোটি ৬০ লাখ প্রেসক্রিপশন পূরণ হয়েছে এই ওষুধের। দীর্ঘদিন ধরে চিকিৎসকেরা রোগীদের নিয়মিত ব্যায়ামের পাশাপাশি মেটফরমিন সেবনের পরামর্শ দিয়ে আসছেন—ধারণা ছিল, এই দুই প্রমাণিত চিকিৎসা একসঙ্গে আরও ভালো ফল দেবে। তবে নতুন গবেষণা বলছে, এই সমন্বয় আগের মতো কার্যকর নাও হতে পারে।
রাটগার্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষণার প্রধান লেখক স্টিভেন মালিন বলেন, “বেশিরভাগ স্বাস্থ্যসেবা প্রদানকারী ধরে নেন, একের সঙ্গে এক যোগ করলে দুই হয়। কিন্তু সমস্যা হলো—বেশিরভাগ প্রমাণই দেখায়, মেটফরমিন ব্যায়ামের উপকারিতা কমিয়ে দেয়।”
এই ফলাফল উদ্বেগজনক, কারণ মেটফরমিন গ্রহণকারীদের বড় একটি অংশই অতিরিক্ত ওজনের বা ডায়াবেটিসে আক্রান্ত। রক্তে শর্করা নিয়ন্ত্রণ, শারীরিক সক্ষমতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি কমাতে তাঁরা ব্যায়ামের ওপর নির্ভর করেন।
কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের অধ্যাপক ডা. বেতুল হাতিপোগলু (যিনি এই গবেষণায় যুক্ত ছিলেন না) বলেন, এটি প্রথম গবেষণা যা দেখিয়েছে—মেটফরমিন ব্যায়ামের মাধ্যমে সাধারণত যে রক্তনালির ইনসুলিন সংবেদনশীলতা বাড়ে, সেই উন্নতি কমিয়ে দিতে পারে।
কীভাবে মেটফরমিন ব্যায়ামের লাভ কমাতে পারে
রাটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা পরীক্ষা করে দেখেন, মেটফরমিন ব্যায়ামের মাধ্যমে রক্তনালির কার্যকারিতা, শারীরিক সক্ষমতা ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে কী প্রভাব ফেলে। দ্য জার্নাল অব ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম-এ প্রকাশিত এই গবেষণায় মেটাবলিক সিনড্রোমের ঝুঁকিতে থাকা ৭২ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। মেটাবলিক সিনড্রোম হলো এমন কয়েকটি অবস্থার সমষ্টি, যা ডায়াবেটিস ও হৃদ্রোগের ঝুঁকি বাড়ায়।
অংশগ্রহণকারীদের চারটি দলে ভাগ করা হয়—
1. প্লাসেবোর সঙ্গে উচ্চমাত্রার ব্যায়াম
2. মেটফরমিনের সঙ্গে উচ্চমাত্রার ব্যায়াম
3. প্লাসেবোর সঙ্গে কমমাত্রার ব্যায়াম
4. মেটফরমিনের সঙ্গে কমমাত্রার ব্যায়াম
১৬ সপ্তাহ ধরে গবেষকেরা রক্তনালির কার্যকারিতার পরিবর্তন পর্যবেক্ষণ করেন। খাবারের পর পেশিতে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দিতে রক্তনালির এই কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফলাফলে দেখা যায়, শুধু ব্যায়ামই ইনসুলিনের প্রতি দেহের প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে উন্নত করে। এতে রক্তনালিগুলো ইনসুলিনের প্রতি বেশি সংবেদনশীল হয়, পেশিতে রক্তপ্রবাহ বাড়ে এবং খাবারের পর রক্তে শর্করার মাত্রা কমতে সাহায্য করে। পাশাপাশি ব্যায়াম প্রদাহ এবং উপবাস অবস্থার রক্তশর্করাও কমায়।
কিন্তু ব্যায়ামের সঙ্গে মেটফরমিন যোগ করলে এসব উন্নতি অনেকটাই কমে যায়। মেটফরমিন গ্রহণকারীদের সামগ্রিক শারীরিক সক্ষমতাও তুলনামূলকভাবে কম বেড়েছে।
মালিন বলেন, “রক্তে শর্করা কমানো এবং শারীরিক কার্যক্ষমতা বাড়ানো—ডায়াবেটিস চিকিৎসার এই দুটি প্রধান লক্ষ্য পূরণে ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেটফরমিন যদি এসব উপকারে বাধা দেয়, তাহলে রোগীরা সম্পূর্ণ সুরক্ষামূলক সুবিধা নাও পেতে পারেন।”
তিনি আরও বলেন, “আপনি যদি ব্যায়াম করেন এবং মেটফরমিন নেন, অথচ রক্তে শর্করা না কমে, সেটি সমস্যা। মেটফরমিন গ্রহণকারীদের শারীরিক সক্ষমতাও বাড়েনি। এর অর্থ হলো তাঁদের দৈহিক কার্যকারিতা উন্নত হচ্ছে না, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।”
আগের গবেষণার কথা উল্লেখ করে মালিন জানান, মেটফরমিন ভারোত্তোলন বা শক্তি ব্যায়াম থেকে পেশি গঠনের উপকারও সীমিত করতে পারে। তাঁর ভাষায়, “এতে মনে হয়, সহনশীলতা ও শক্তি—দুই ধরনের ব্যায়ামের ক্ষেত্রেই স্বাস্থ্যগত ফলাফলে মেটফরমিন প্রভাব ফেলতে পারে।”
রোগীদের জন্য এর অর্থ কী
গবেষকেরা জোর দিয়ে বলেছেন, ডায়াবেটিস চিকিৎসায় মেটফরমিন এখনো একটি কার্যকর ও গুরুত্বপূর্ণ ওষুধ। এই গবেষণা কাউকে মেটফরমিন বা ব্যায়াম বন্ধ করার পরামর্শ দিচ্ছে না। বরং এটি দেখাচ্ছে, একই সময়ে দুটো শুরু করলে ব্যায়ামের উপকার কমে যেতে পারে।
এই ফলাফল মূলত সেই পরিস্থিতিতে প্রযোজ্য, যখন রোগীরা একসঙ্গে ব্যায়াম শুরু করেন এবং মেটফরমিন সেবন করেন। অন্য গবেষণায় দেখা গেছে, কেউ যদি আগে কিছুদিন মেটফরমিন সেবন করে পরে ব্যায়াম শুরু করেন, তাহলে কেবল ওষুধ চালিয়ে যাওয়ার তুলনায় বেশি উপকার পেতে পারেন।
মালিন ব্যাখ্যা করেন, সময়ের সঙ্গে শরীর মেটফরমিনের সঙ্গে খাপ খাইয়ে নেয়। ফলে পরে ব্যায়াম শুরু করলে সেটি শরীরের জন্য নতুন উদ্দীপনা হিসেবে কাজ করে এবং উন্নতি ঘটাতে পারে। তবে এখনো এমন কোনো গবেষণা নেই, যেখানে একসঙ্গে শুরু করা বনাম পর্যায়ক্রমে শুরু করার দীর্ঘমেয়াদি ফলাফল সরাসরি তুলনা করা হয়েছে।
“এই দুটি চিকিৎসা কীভাবে সবচেয়ে ভালোভাবে একসঙ্গে দেওয়া যায়, তা নির্ধারণে আরও গবেষণা প্রয়োজন,” বলেন মালিন।
কেন এমন হতে পারে
মেটফরমিন কীভাবে ব্যায়ামের উপকার কমায়, তার সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। মালিন বলেন, মেটফরমিন কোষের শক্তিকেন্দ্র মাইটোকন্ড্রিয়ার কিছু কার্যক্রম আংশিকভাবে দমন করে, যা কোষীয় চাপ কমাতে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে।
তবে এই একই প্রক্রিয়া ব্যায়ামের ফলে কোষে যে পরিবর্তন ঘটে—যেমন মাইটোকন্ড্রিয়ার বৃদ্ধি ও অ্যারোবিক সক্ষমতার উন্নতি—সেগুলোকেও বাধাগ্রস্ত করতে পারে।
এর প্রভাব ব্যাপক হতে পারে। যুক্তরাষ্ট্রে প্রায় ৩ কোটি ৫০ লাখ মানুষ টাইপ–২ ডায়াবেটিসে আক্রান্ত। রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাধারণত জীবনযাপনের পরিবর্তন এবং ওষুধ—দুটোর ওপরই নির্ভর করা হয়। যদি এই দুটি পদ্ধতি প্রত্যাশামতো একসঙ্গে কাজ না করে, তাহলে জটিলতার ঝুঁকি বাড়তে পারে।
মালিন বলেন, রক্তে শর্করা নিয়ন্ত্রণে মেটফরমিন কার্যকর হলেও, কিছু ক্ষেত্রে ব্যায়ামের সঙ্গে একে ব্যবহার করা “একটি মাত্র পদ্ধতি ব্যবহারের চেয়ে ভালো নাও হতে পারে।”
সবশেষে গবেষকেরা মনে করিয়ে দিয়েছেন, রোগীদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত। এই গবেষণা দেখিয়েছে, ব্যায়াম ও ওষুধ একসঙ্গে ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকদের আরও সতর্ক নজরদারি প্রয়োজন। ভবিষ্যৎ গবেষণা হয়তো এমন উপায় বের করতে পারবে, যাতে দুটিরই সর্বোচ্চ উপকার বজায় রাখা যায়।

0 Comments